
স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে গত ৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. আব্দুর রউফকে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে বদলি/পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের চার দিন আগেই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতির সভাপতি দুরুল হোদা, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সচিবকে শুভেচ্ছা জানিয়ে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST