আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তামাক চাষ নিরুৎসাহিতকরণ এবং তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ ঘটিকয় (১৫ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলীকদমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা।
সভায় বক্তারা তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষকদের সচেতন করেন। তারা বলেন, তামাক চাষের কারণে মাটির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তামাকের পরিবর্তে ধান, ভুট্টা, শাকসবজি, ডালসহ বিভিন্ন লাভজনক ও পুষ্টিকর ফসল চাষ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, “তামাক চাষ থেকে কৃষকদের ধীরে ধীরে বেরিয়ে এসে বিকল্প ও লাভজনক ফসল চাষে মনোযোগী হতে হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা বলেন, “তামাকের বিকল্প হিসেবে বিভিন্ন মৌসুমি ও অর্থকরী ফসল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে বিকল্প ফসল চাষে উৎসাহিত করবে।”
সভায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে কৃষি বিভাগের পক্ষ থেকে তামাক চাষের পরিবর্তে বিকল্প ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST