
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনা করে নারীসহ ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ বালিয়া পুকুর ছোট বটতলা এলাকার মোমিন আহমেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কয়েরদাড়া গ্রামের হাবিবুর আহম্মেদের ছেলে বর্তমানে বালিয়াপুকুর ছোট বটতলা গ্রামে বসবাসরত মো: আসিফ আহম্মেদ (৩৪) এবং নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা গ্রামের মৃত এনদাদুল হকের মেয়ে বর্তমানে বালিয়া পুকুর ছোট বটতলা গ্রামে বসবাসরত মোসা: খুশি আক্তার (৩০)-কে গ্রেপ্তার করে।
এসময় আসামিদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৫টি সিম কার্ড, ১৩টি জিমেইল আইডি এবং ১৭টি জুয়া/বেটিং অ্যাপস পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST