
স্টাফ রিপোর্টার : ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, বরং প্রকৃতপক্ষে যারা সুবিধা পাওয়ার যোগ্য তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে৷ প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাত যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী৷
মন্ত্রী শুক্রবার (২৮ আগস্ট) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুরে আয়োজিত এক বর্ধিত সভায় এ নির্দেশনা দেন৷
কৃষকদের মাঝে সার সরবরাহ পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়৷ এসময় কিছু ডিলারের বিরুদ্ধে সার মজুত করে রাখার অভিযোগের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী৷ তিনি জানান, প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ডিলারের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে৷ ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী৷
সভায় মনোহরদী ও বেলাব উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST