মো. আবদুল কাদের, লক্ষ্মীপুর : ‘দুর্নীতি কে করে, আমি জানি না। তবে সমাজে দুর্নীতি রয়েছে। আর আমি যদি দুর্নীতি করি, তাহলে সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই করি’—লক্ষ্মীপুরে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’ এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও তা কমিয়ে আনতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ অনেকটাই কমে আসবে।
মন্ত্রী আরও বলেন, শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে।
জনসেবামূলক কার্যক্রমে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST