নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের কারাম বৃক্ষের (খিল কদম) ডালপূজাকে কেন্দ্র করে কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আদিবাসী তরুণ-তরুণীরা রঙিন সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে নেচেগেয়ে উদ্যাপন করেন কারাম উৎসব।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সহযোগিতায় কারাম পূজাকে ঘিরে সাংস্কৃতিক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে আদিবাসী তরুণ-তরুণীদের নাচ ও গান উপভোগ করেন হাজারো মানুষ মিলনমেলায় পরিণত হয় ভাবিচা ফুটবল মাঠ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ।
আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, সাংগঠনিক সম্পাদক সুবাস হেমব্রম, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প। সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা। অনুষ্ঠান শেষে নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সমতলের আদিবাসীদের প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসবের আয়োজন করে তারা। আদিবাসী –অধ্যুষিত গ্রামে গ্রামে কারাম বৃক্ষের ডালপূজাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, এটি অভাবমুক্তি ও সৌভাগ্য লাভের উৎসব। ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে মনের কামনা-বাসনা পূরণের লক্ষ্যে প্রার্থনা করে থাকে আদিবাসীরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST