স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। এ সময় তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
রোববার বিকেলে তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর মোড়, মচমইল বাজার, শংকরপৈ মোড়, খর্দ্দকৌড় মোড়, ধামিনকৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বারুইপাড়া, বাইগাছা, বসন্তপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এমপি ডা. আব্দুল বারী। স্থানীয়রা তাঁদের এলাকার রাস্তাঘাট, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রয়োজনের কথা তাঁর কাছে তুলে ধরেন।
এ সময় বুজরুক কৌড় এবতেদায়ী মাদ্রাসায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ডা. আব্দুল বারী সরদার বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যা সরেজমিনে দেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বাগমারার বিভিন্ন এলাকায় যেসব উন্নয়ন হয়েছে, সেগুলো অব্যাহত রাখার পাশাপাশি আগামী দিনে পুরো বাগমারার সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। বাগমারার কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়েও নজর রাখা হবে।
এমপি আরও বলেন, সাধারণ মানুষের কথা সরাসরি শুনে সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট ইউনিয়ন বা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাগমারার প্রতিটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST