২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনের প্রবীণ মুখ, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান আর নেই।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিডনি রোগজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সাইদুর রহমান ছিলেন শুধু একজন প্রবীণ সাংবাদিক নন, বরং ইতিহাস-ঐতিহ্য ও জনকল্যাণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন মানুষ।

সাইদুর রহমান ছিলেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সামাজিক পরিবারের উত্তরসূরি। তাঁর নানা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও জননেতা মাদার বখশ। রাজশাহীতে উচ্চশিক্ষার প্রসারে মাদার বখশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল; রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও বাস্তবায়নে তাঁর অবদান সরকারি নথিতেও উল্লেখ রয়েছে।

তাঁর বাবা জননেতা আতাউর রহমানও ছিলেন রাজশাহীর রাজনীতির ইতিহাসে আলোচিত এক ব্যক্তিত্ব। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি নির্বাচিত হন। তাঁর মা ভাষাসৈনিক মনোয়ারা রহমান ছিলেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ ও আত্মত্যাগী নারী।

তবে পারিবারিক ঐতিহ্যকে শুধু স্মৃতিতে ধরে রাখেননি সাইদুর রহমান। নিজের জীবনেও জনকল্যাণের সেই ধারাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর প্রায় সমুদয় সম্পত্তি সমাজসেবামূলক কাজে ব্যয় করার উদ্দেশ্যে ‘জননেতা আতাউর রহমান ট্রাস্ট’ গঠন করে সম্পত্তি ট্রাস্টের নামে দলিল করে দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন তাঁর ছোট বোন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন কনকের মা খেলনা আপা। সদস্য সচিব হিসেবে রয়েছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার।

সাইদুর রহমানের এই উদ্যোগ তাঁর ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আনে—সম্পদকে ব্যক্তিগত ভোগের পরিবর্তে মানুষের কল্যাণে ব্যবহারের চিন্তা। সাংবাদিকতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এই মানসিকতাই তাঁকে সহকর্মী ও পরিচিতজনদের কাছে আলাদা করে তুলেছিল।

রাজশাহীর সাংবাদিক অঙ্গনে তাঁর মৃত্যু তাই শুধু একজন প্রবীণ সহকর্মীকে হারানোর ঘটনা নয়; এটি দীর্ঘ সাংবাদিকতা-অভিজ্ঞতা, ইতিহাসের সঙ্গে সম্পৃক্ততা এবং জনকল্যাণের একটি ধারারও বড় শূন্যতা তৈরি করল।

সহকর্মীদের অনেকের কাছেই তিনি ছিলেন অভিভাবকসুলভ। নবীন সাংবাদিকদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আন্তরিক। সংবাদকর্মীদের নানা সংকটে পাশে দাঁড়ানো, পেশাগত বিষয়ে পরামর্শ দেওয়া এবং সাংবাদিক সমাজের স্বার্থে ভূমিকা রাখার কারণে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ছিলেন।

রাজশাহী জননেতা আতাউর রহমান ট্রাস্ট ও রাজশাহী প্রেসক্লাবের অর্থ সম্পাদক আল আমিন বলেন, সাইদুর রহমান ভাই ছিলেন আমাদের অভিভাবতুল্য একজন মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রবীণ সাংবাদিকের পাশাপাশি একজন মানবিক ও সমাজসেবী মানুষকে হারালাম। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর রেখে যাওয়া আদর্শ ও জনকল্যাণের উদ্যোগগুলোই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুনঃ   রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, ৫ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা ও প্রেসক্লাবের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি জানান, আজ দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাবের সামনে তাঁর মরদেহ রাখা হবে। বাদ আসর দরগাপাড়া মসজিদে জানাজা শেষে হেঁতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ হারাল তাদের একজন প্রবীণ অভিভাবককে। আর জনকল্যাণের যে স্বপ্ন নিয়ে তিনি নিজের সম্পদ ট্রাস্টের মাধ্যমে মানুষের জন্য রেখে যাওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটিই হয়তো তাঁর জীবনের সবচেয়ে বড় মানবিক উত্তরাধিকার হয়ে থাকবে।

সাংবাদিকতা জীবনের ব্যস্ততা, পারিবারিক ঐতিহ্য এবং ব্যক্তিগত অর্জনের বাইরে মানুষের জন্য কিছু রেখে যাওয়ার যে প্রত্যয় সাইদুর রহমান ধারণ করেছিলেন, তাঁর প্রয়াণের পর সেই উত্তরাধিকারই নতুন করে আলোচনায় এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST