
স্টাফ রিপোর্টার, বাগমারা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাণী রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ব্র্যাক মোড় ও গোডাউন মোড় হয়ে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে বাগমারা বিএনপির ঘাঁটি এটা প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরতে হবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মালেক মানিক, শাহাদাত হোসেন, মহব্বত হোসেন,উজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি নেহার বানুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালি ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST