স্টাফ রিপোর্টার : মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় অভিযান পরিচালনা করে মাত্র ৫ ঘণ্টার মধ্যে পিতার হেফাজত থেকে ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ। পরবর্তী সময়ে উদ্ধারকৃত শিশুটিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে বেলপুকুর থানাধীন মাহেন্দ্রা গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানা পুলিশের একটি দল সংশ্লিষ্ট বাড়িতে বিধি মোতাবেক তল্লাশি পরিচালনা করে পিতার হেফাজতে থাকা ২ বছর বয়সী শিশু মো. রায়ানকে (ছদ্মনাম) উদ্ধার করে।
পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত শিশুটিকে বেলপুকুর থানার একজন নারী পুলিশ সদস্যের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বিজ্ঞ আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে বেলপুকুর থানা পুলিশ।
রাজশাহী মহানগরীর জননিরাপত্তা নিশ্চিতকরণ, নাগরিকদের আইনগত অধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST