স্টাফ রিপোর্টার : পুলিশের চোখ এড়িয়ে রাজশাহীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মিছিল বের করে নগরের লক্ষ্মীপুর মোড় হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যান তাঁরা। সেখানে মিছিল শেষ করে দ্রুত সটকে পড়েন অংশগ্রহণকারীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ মিছিল বের করা হয় বলে জানিয়েছে পুলিশ। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের ব্যানারে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় কর্মসূচি পালনের কথা উল্লেখ ছিল।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীদের কয়েকজন নিজেদের ফেসবুক আইডি থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার করেন। তবে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও নগর ডিবি প্রধান গাজিউর রহমান বলেন, রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এজহার নামিয় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST