
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নবগঙ্গা গ্রামের মো. আ. মজিদের ছেলে হেলেন (৪৮)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলেন কৌশলে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী ও মো. আ. লতিফের মেয়ে মোসা. লাইলা বেগম (৪৪); দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো. মাইনুদ্দিন ওরফে কালুর ছেলে মো. নাইম (২৩) এবং মো. শহিদ ইসলামের ছেলে মো. রাকিব ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি লাইলা বেগমের দেখানো মতে পলাতক আসামি হেলেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST