
স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এসব ঘটনায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে পিস্তল, গুলি, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় গরু।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে প্রচলিত টহল ও বিশেষ অভিযানের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মা নদীতীরবর্তী বিওপিগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি স্পিডবোট ও কাঠের নৌকা দিয়ে নদীপথে টহল পরিচালনা করা হচ্ছে। দুর্গম সীমান্তবর্তী বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থাও করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে পাঁচটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা এবং ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দ করা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশীয় মদ এবং ২ দশমিক ৪৩ কেজি গাঁজা। এ ছাড়া বিভিন্ন ধরনের ৮ হাজার ৪৮৭ বোতল সিরাপ, বহু সংখ্যক যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্যান্য চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ১৭৭ দশমিক ৭ কেজি ওজনের সাতটি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরু।
উত্তর-পশ্চিমাঞ্চলের মোট ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টহলের সময়, স্থান ও ধরন পরিবর্তন করে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে ব্যাটালিয়ন।
প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করতে ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে বিজিবির।
সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের সহযোগিতায় সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম চলছে।
এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা কোর কমিটির পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।
সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে রাজশাহী ব্যাটালিয়ন। নির্বাচনকালীন নিরাপত্তা, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
এ ছাড়া আকস্মিক ও উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে তিনটি প্লাটুন এবং ১৬টি বিওপিতে একটি করে সেকশন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পলায়ন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন কাজ করছে বলে জানিয়েছে বাহিনীটি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত অভিযান এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST