মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতর থেকে লাল টেপে মোড়ানো ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
গ্রামীণ ব্যাংকের শাখার ব্যবস্থাপক মহসিন রেজা জানান, বৃহস্পতিবার সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করে সীমানা প্রাচীরের ভেতরে ৫ টি ও সীমানা প্রাচীরের বাইরে ১ টি মোট ৬টি ককটেল বিক্ষিপ্তভাবে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল এর নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের পাশে এক আম বাগানে সেগুলোকে নিষ্ক্রিয় করেন।
এ সময় রাজশাহী এস আর বি-৫ এর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে গেছে। থেকে একই ধরনের ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছে, তা জানা যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো রেখে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আতঙ্কিত না হয়ে কোনো তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান ওসি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST