
মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে সারের বাজারে অনিয়ম ও সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পৃথক তিনটি মামলায় তিনজনকে সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা এবং ১৫ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমদাদুল হক, পিতা মহির উদ্দিন, সাং-মাদারীপুর, তানোর, রাজশাহীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মো. রাদিক, পিতা ইমদাদুল হক, সাং-মাদারীপুরকেও পৃথক মামলায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে দুই বস্তা ডিএপি ও এক বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
অপরদিকে, উপজেলার তালন্দ বাজারে মেসার্স জেবা ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাদল কবিরাজকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে নয় বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সার জব্দ করা হয়।উপজেলা প্রশাসনের পরিচালিত পৃথক তিনটি মামলায় সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযানকালে দুই প্রতিষ্ঠান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১১ বস্তা ডিএপি ও চার বস্তা টিএসপি সার রয়েছে।অভিযানকালে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ উপস্থিত ছিলেন। তিনি সার ব্যবস্থাপনা ও কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষিপ্রধান তানোর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে সরবরাহ ও বিপণন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার সরাসরি প্রভাব পড়ে কৃষকদের ওপর। বিশেষ করে বোরোসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদে সময়মতো সার পাওয়া কৃষকদের জন্য অত্যন্ত জরুরি। এ অবস্থায় উপজেলা প্রশাসনের এমন তদারকি ও আইনানুগ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানকে সারের বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপজেলা প্রশাসনের তদারকি ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সার ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে কৃষকদের সারপ্রাপ্তি সহজ হবে এবং সারের বাজারে অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST