পিন্টু আলী, চারঘাট : রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় নেশাদ্রব্য মনোড্রিলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
আটক সাব্বির হোসেন অনিক উপজেলার চক মুক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার পুলিশ মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন ওই এলাকায় এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাদক ও মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সাব্বির হোসেন অনিককে আটক করতে সক্ষম হয়। তবে তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়।
পলাতকরা হলেন- মুক্তারপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে রবিন আলী (৩০), মোহাম্মদ আলম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩২) এবং মোহাম্মদ লিটন মিয়ার ছেলে টিটন মিয়া (৩২)।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সম্প্রতি চারঘাটে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি সম্রাটকে আটক করা হয়। এর পরদিনই ৩৬০ বোতল মনোড্রিলসহ আরও একজনকে আটক করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST