২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

রাজশাহী রেলওয়ে স্টেশনে রোববার রাতের ভাঙচুর।

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বলে মন্তব্য করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ের সুসম্পর্ক থাকা দরকার। কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রোববার রাতের ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘কেন জানি মনে হচ্ছে, রেলওয়ে ভার্সেস স্টুডেন্ট—এমন একটা প্রতিপক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজশাহীবাসী তথা জনগণের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সময় কারও প্রতিপক্ষ হতে পারে না।’

রোববার রাতের ঘটনার বিষয়ে তিনি বলেন, প্রথম দিকে বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। পরে একজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর পর রাজশাহী রেলওয়ে স্টেশনে রাষ্ট্রীয় সম্পদে যে ভাঙচুর হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

ভাঙচুরে ক্ষয়ক্ষতির বিষয়ে জিএম বলেন, ‘সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছি। কী ধরনের ভাঙচুর হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হবে।’

তিনি জানান, ভাঙচুরের কারণে রোববার রাতে একটি ট্রেন চলাচল করতে পারেনি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। ওই ট্রেনে ছোট শিশুও ছিল বলে জানান তিনি।

তদন্তের বিষয়ে আহম্মদ হোসেন মাসুম বলেন, রেলওয়ের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী আরও একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া চার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের বিষয়ে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙচুরের ঘটনায় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান জিএম। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ের দূরত্ব কমানোর বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা করা হবে। কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলে ঘটনা ঘটার আগেই আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কোনো পুঞ্জীভূত ক্ষোভ যেন শেষ পর্যন্ত জনগণের সম্পদের ওপর না পড়ে, সেদিকেও সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রেলওয়ের সঙ্গে কোনো সমস্যা হলে বসে আলোচনা করে সমাধান করা হবে। একই সঙ্গে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন এবং রাষ্ট্রীয় সম্পদের যেন ক্ষতি না হয়, সেদিকেও সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

যেভাবে ঘটনার সূত্রপাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী তাঁর চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মারধরের ঘটনায় আহত আইয়ুব আলী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর সহপাঠীরা জানান।
আইয়ুবের এক সহপাঠীর ভাষ্য, রেলস্টেশনে রাবির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। পরে আইয়ুব তাঁদের পক্ষে কথা বললে তাঁকে মারধর করা হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের একটি দল স্টেশনে গিয়ে ভাঙচুর করে। আন্দোলনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি ট্রেন থামিয়ে রেলওয়ের কর্মকর্তাদের আটকেরও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ   শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

রোববার রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে ট্রেনটি চলাচল করতে পারেনি। এ ছাড়া একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্টেশনের রেললাইনে অগ্নিসংযোগ করেন।

সালাহউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, ‘জড়িতদের অনতিবিলম্বে আটক করতে হবে। ট্রেন থামিয়ে প্রতিটি ট্রেন থেকে দুজন করে ট্রেন স্টাফ তুলব আমি। আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এত প্রতিহিংসা কিসের, এটা দেখতে চাই।’

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক বলেন, এ ধরনের সহিংসতার ঘটনা কাম্য নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া আরএনবির সদস্যরা হলেন—মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন।

দপ্তরাদেশে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের কমান্ড্যান্ট (সদর)-এর কাছে নিয়মিত দৈনিক হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থলে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। রেল আপনার-আমার সবার সম্পদ। সবাই শান্ত হোন। আপনাদের সকল দাবি যৌক্তিক। দাবি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST