
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যকার দীর্ঘদিনের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমি মন্ত্রী বলেন, মেঘনা নদীবিধৌত এই অঞ্চলগুলোর সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে। তিনি বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সীমানা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সকলের সমন্বিত উদ্যোগ ও সৌহার্দপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হলে এ অঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরে আসবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উপজেলাগুলোর সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
#
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST