
স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (২১ নভেম্বর) সকাল দশটায় রাজশাহী হড়গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আশ্বাসবাণী শোনান তিনি।
ভূমিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়নের পেছনে দক্ষ প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক কর্মবাজারে কাজের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
আইডিইবির অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সম্ভাব্য জায়গা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।
আইডিইবির জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আইডিবি চত্বরে পতাকা উত্তোলন, আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST