
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে এসকাফ সিরাপ ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ফোন এবং একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মো: জাকারুল ইসলাম (৪৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম, বোয়ালিয়া থানা পুলিশ ও এলাকাবাসীর যৌথ অভিযানে বকতিয়ারাবাদ (মালদা কলোনী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েরদাড়া গ্রামের মো: রেজাউল করিমের ছেলে ওমর ফারুক (২৪)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ১০ হাজার ৬৯০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে স্থানীয় এলাকাবাসী পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করেন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর এ ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর ও গতিশীল করেছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও পুলিশকে তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানান সম্মানিত পুলিশ কমিশনার। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST