স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে প্রকাশিত মুদ্রিত সংবাদপত্রগুলোর সার্বিক অবস্থা যাচাই এবং স্থানীয় গণমাধ্যম অঙ্গনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে দিনভর এ কার্যক্রম চলে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিএফপি’র পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রিফাত জাফরীন। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (নিরীক্ষা) মো. শফিউল ইসলাম এবং প্রদর্শক এনামুল হক।
ডিএফপি সূত্রে জানা গেছে, এ পরিদর্শন তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এর মূল উদ্দেশ্য হলো—স্থানীয় সংবাদপত্রগুলো সরকারি নীতিমালা অনুযায়ী প্রকাশিত হচ্ছে কি না, নিয়মিত সার্কুলেশন বা প্রচারসংখ্যা ঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, এবং সাংবাদিক ও কর্মীদের ন্যায্য বেতন-ভাতা দেওয়া হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
শনিবার প্রতিনিধিদল দৈনিক বার্তা, সোনালী সংবাদ, সানশাইনসহ রাজশাহীর কয়েকটি উল্লেখযোগ্য সংবাদপত্রের কার্যালয় সরেজমিনে ঘুরে দেখে। এসময় তারা পত্রিকার অবকাঠামো, কর্মরত সাংবাদিক ও কর্মচারীর সংখ্যা, নিয়োগপত্র, বেতন-ভাতা প্রদানের নথি এবং ঘোষিত প্রচারসংখ্যার সঙ্গে বাস্তব ছাপার সংখ্যা মিলিয়ে দেখেন।
পরিদর্শন শেষে স্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএফপি’র পরিচালক রিফাত জাফরীন বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আমরা চাই, সংবাদপত্রগুলো যেন সব নীতিমালা মেনে প্রকাশিত হয় এবং সাংবাদিকরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।” তিনি আরও জানান, এ পরিদর্শনের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংবাদপত্রগুলোর সরকারি বিজ্ঞাপনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব এবং উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST