
স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি সরকারি সফরে রাজশাহীতে আগমন করেছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
এ সময় শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপিকে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সরকারি সফরের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর সম্ভাব্য উৎপাদন এলাকা (আমবাগান, লিচু বাগান, হলুদ ও তুলার আন্তঃফসল) এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী। বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু, কাঁচামচির ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST