১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে একই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রাম থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃত চারজন হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)। বামনশিকড় পবা উপজেলায় হলেও এলাকাটি পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানায়। মতিহার থানা-পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলামত সংগ্রহ করে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

একটি ঘরের বিছানায় ছিল মনিরা ও শিশুকন্যা মিথিলার মরদেহ। পাশের ঘরের বিছানায় ছিল মাহিমের মরদেহ। এ ঘরেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিনারুলের মরদেহ ঝুলছিল। ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এটি মিনারুল লিখে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাতের লেখাটি মিনারুলেরই বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।

একটি চিরকুটে লেখা আছে, ‘আমি মিনারুল নিচের যেসব লেখা লিখব, সব আমার নিজের কথা। লিখে যাচ্ছি এই কারণে আমরা চারজন আজ রাতে মারা যাব। এই মরার জন্য কারও কোন দোষ নেই। কারণ, লিখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি।’

চিরকুটে লেখা,

আরেকটি চিরকুটে লেখা, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভাল হলো।’
মিনারুলের চাচি জানেহার বেগম জানান, রাতে মিনারুলের স্ত্রী মনিরা তার মেয়েকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলেন। আর অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে ঘুমিয়েছিল পাশের ঘরে। রাত ১০টার দিকে মিনারুল বাড়ি ফেরেন। ততক্ষণে একই বাড়িতে মিনারুলের বড় ভাই রুহুল তার স্ত্রী দিলরুবা এবং মেয়ে হিমুকে নিয়ে আলাদা ঘরে ঘুমিয়ে যান। আর বাড়ির উঠোনে ঘুমিয়ে পড়েন মিনারুলের বাবা রুস্তম আলী এবং মা আনজুরা বেগম। রাতে বাড়িতে এমন ঘটনা ঘটেছে তা কেউই টের পাননি। সকাল ৮টার দিকে আনজুরা মিনারুলের নাম ধরে ডেকেই যাচ্ছিলেন। সাড়া না পেয়ে রুস্তম আলী ঘরের টিনের ওপর উঠে ভেতরে তাকিয়ে দেখেন, ঘরে মিনারুলের মরদেহ ঝুলছে। পরে দুই ঘরের দরজা কেটে ভেতরে ঢুকলে চারজনেরই মরদেহ পাওয়া যায়। এরপর খবর পেয়ে পুলিশ আসে।

আরও পড়ুনঃ   সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি- প্রধানমন্ত্রী

জানেহার বেগম বলেন, ‘মিনারুলের কয়েকটা কিস্তি ছিল। কিস্তির কারণে বাড়িতে থাকত না। মাঝে মাঝেই কিস্তির জন্য লোক আসত। আমরা বুঝিয়ে পাঠাতাম যে মিনারুল বাড়িতে নাই। মিনারুল কখনও কৃষিকাজ, কখনও ট্রাকের হেলপার আবার কখনও পুকুরের মাছ ধরার জাল টানা শ্রমিক হিসেবে কাজ করত। তার রাগ ছিল বেশি। কেউ একটু কটু কথা বললেই রাগ করে চলে আসত। তারপর আর কাজে যেত না। অভাব লেগে থাকত।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ জানান, দুইদিন আগে মিনারুল তার কাছে গিয়েছিলেন। বলেছিলেন, তার ঘরে চাল নেই। তিনি দুই হাজার টাকা বের করে দিয়েছিলেন চাল কেনার জন্য। চেয়ারম্যান জানান, মিনারুল আগে থেকেই ঋণগ্রস্ত। বছর তিনেক আগে তারা এটা নিয়ে বসেছিলেন। তার বাবাকে অনুরোধ করিয়ে পাঁচ কাঠা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ঋণ পরিশোধ করান। কিন্তু পরে আবার কিস্তি নিয়েছিলেন মিনারুল। এলাকার লোকজন জানেন, মিনারুল জুয়া খেলতেন। এ কারণে দেনায় ফেঁসে যেতেন।

আরও পড়ুনঃ   কারফিউ শিথিলে নগর জীবনে স্বস্তি

সকালে বাড়ির উঠোনে কান্নায় ভেঙে পড়ছিলেন স্বজনেরা। কাঁদতে কাঁদতে মিনারুলের মা বলছিলেন, ‘ও জান! এই কইরি গেলি ক্যানরে বাপ। আমি মাটি বেইচি আবার দিতুক রে জান। বাপের এক কাঠা পাইছি, ওডি বেইচি আবার দিতুক রে বাপ। আমার তো কিছুই থাইকল না।’

সকালে খবর পেয়ে যান রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্ত্রী এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। ছেলেকেও শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। মিনারুল আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। আরও তদন্তের পর আমরা প্রকৃত কারণটা জানতে পারব।’
তিনি বলেন, ‘লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে। আর জুয়ার বিষয়গুলো এখনও আমরা নিশ্চিত না। মিনারুলের এ রকম অভ্যাস ছিল কি না সেটা আমরা জানি না। আত্মীয়-স্বজনেরা পুলিশকে বলেছেন, চিরকুটের লেখাটা মিনারুলেরই। সেখানে আর্থিক সমস্যার কথা উঠে এসেছে। আমরা বিষয়গুলো তদন্ত করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

২

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৩

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৪

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৬

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৭

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৯

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১০

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১১

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১২

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৩

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৪

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৭

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৯

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

২০

Design & Developed by: BD IT HOST