অনলাইন ডেস্ক : রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।
ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিন পায়ে ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব(বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন৷ তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়ে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। তিনি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন এবং নিজের গাড়িটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ওই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত এই মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।
তথ্যসূত্র- ঢাকাপোস্ট
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST