
স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
সাক্ষাতে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দক্ষিণ আফ্রিকা দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এসময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে মন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সাথে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।#
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST