
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কাটার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতকে জনগণের প্রত্যাশা পূরণ এবং সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী পাশের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST