
স্টাফ রিপোর্টার : চীনে উন্নত চক্ষু চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে চালু হয়েছে বিশেষ চিকিৎসাসেবা ‘গ্রিন চ্যানেল হসপিটাল’। এ সেবার আওতায় বাংলাদেশি রোগীরা চীন সফরের আগেই চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনার সুযোগ পাবেন। পাশাপাশি অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলো-আপ চিকিৎসাসেবাও পাবেন তাঁরা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এ ধরনের বিশেষায়িত সেবাব্যবস্থা প্রথমবারের মতো চালু হলো।
শনিবার চীনের কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আখতার রানু ‘গ্রিন চ্যানেল হসপিটাল’-এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জন তুলে ধরেন। বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীর নিরাপত্তা, সেবার স্বচ্ছতা, ন্যায্য মূল্য এবং মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কনসাল জেনারেল বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। এ লক্ষ্যে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশেই উন্নত চক্ষু চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
নতুন এ সেবার ফলে চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষু রোগীরা চিকিৎসার আগে পরামর্শ গ্রহণ থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত সমন্বিত সেবা পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST