
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দামকুড়া, বেলপুকুর ও কাটাখালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৩১ অক্টোবর দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ বেলাল হোসেন (২৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালতে নিজের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
একই তারিখে বেলপুকুর থানা পুলিশ বড় ধাদাশ গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল মজিদ আলীর ছেলে মোঃ আঃ মতিন (৪০)-কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। বিজ্ঞ আদালতে নিজের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
এছাড়াও, একই তারিখে কাটাখালি থানা পুলিশ হাজরাপকুর উত্তরপাড়া গ্রামের মোঃ ময়েন উদ্দীনের ছেলে মোঃ তামিম (২৩)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তামিমসহ একই গ্রামের মোঃ মোকসেদ আলীর ছেলে মোঃ হাসিবুল ইসলাম (২৮) এবং মিরকামারী গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান অন্তর (২০)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে প্রত্যেককে ২০ দিন সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আরএমপির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST