
স্টাফ রিপোর্টার : ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১২৩৬তম দলে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবার) ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের সমাজে আলেম ওলামা, ইমাম-মুয়াজ্জিনগণ দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজে তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিগত ১৭ বছরে দাঁড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে আপনারা অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য বা নির্যাতনের শিকার না হন- সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়, বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপ-পরিচালক ডাঃ মোঃ আসেম আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী এ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এ. কে. এম মুজাহিদুল ইসলাম বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST