৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১০ বছরে বাংলাদেশের ‘উন্নতি’ ৩ রান

অনলাইন ডেস্ক : ১১ রানে ৭ উইকেট। সময়ের হিসেব যদি করা যায় তবে ঠিক ঠিক ২৪ মিনিট। বলের হিসেবে ২৩ বল। আসা যাওয়ার মিছিলটা ঠিক এতটাই দ্রুত ছিল বাংলাদেশের জন্য। মেহেদি হাসান মিরাজকে দিয়ে শুরু, শরিফুল ইসলামে শেষ। মাঝের সময়টা বাংলাদেশের ব্যাটিং লাইনআপের দৈন্যদশার পুরাতন চিত্র। আরও একবার দুইশ রানের আগেই শেষ বাংলাদেশ। ১৪৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ৯২ রানে।

শশব্যস্ত ঢাকা শহরে কেউ যদি জ্যামের কবলে পড়েন, তবে সেই জ্যাম থেকে মুক্তির আগেই বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয় আবার শুরু থেকে দেখে ফেলা সম্ভব। টার্গেট ছিল ২৩৬। সেটার জবাবে ২ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। ৩ উইকেট পড়েছিল ১৩২ রানে। রহস্যময় স্পিনার আল্লাহ গাজানফারের সঙ্গে রশিদ খানের ঘূর্ণি–জাদুতে সেখান থেকে ১১ রান যোগ করতেই অলআউট।

কিন্তু, বাংলাদেশের ক্রিকেটের গ্রাফটা দেখলে এমন ১১ রানে ৭ উইকেট হারানোর ঘটনাটা খুব একটা দাগ কাটার কথা না। কিছুটা তথ্য উপাত্ত ঘেঁটে দেখলে এক অর্থে বাংলাদেশ ভালোই করেছে! ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৮ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়েছিল টাইগাররা। সে হিসেবে ১০ বছরে ৩ রানের উন্নতি করেছে টাইগার ব্যাটাররা।

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচটাকে তাসকিনের ম্যাচ বলা যেতে পারতো। আইপিএল সূচি থাকায় বাংলাদেশ সফরে আসে ভারতের দ্বিতীয় সারির দল। ক্যারিয়ারের একেবারে শুরুতেই তাসকিন সেদিন নিয়েছিলেন ২৮ রানে ৫ উইকেট। ভারতের স্কোর ছিল ১০৫। ১০৬ রানের টার্গেটে ৩ উইকেটে ৫০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ।

আরও পড়ুনঃ   রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

এরপরের অংশটা স্টুয়ার্ট বিনির। যে বিনিকে আসলে হারিয়েই ফেলেছে ভারতীয় ক্রিকেট। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনি মাত্র ৪ রান দিয়ে নেন ৬ উইকেট। তাকে সাহায্য করেছিলেন মোহিত শর্মা। ২২ রানে ৪ উইকেট ছিল তার।

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, নাসির হোসেনদের সেদিন প্যাভিলিয়নে পাঠাতে সময় নেননি বিনি। ৫০ রানে ৩ উইকেট থেকে ৫৮ রানে ১০ উইকেট। শেষ ৮ রানে ৭ উইকেটের পতন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সে তুলনায় বাংলাদেশ ভালো করেছে সেই কৃতিত্ব দিতেই হবে। যদিও ১০ বছরে বাংলাদেশের উন্নতির গ্রাফ কেবল ‘৩ রান।’

উন্নয়নের ম্যাচে মুশফিক করেছেন ১ রান মাহমুদউল্লাহ করেছেন ২ রান। যদিও দুইজনের খেলা দেখে বুঝবার উপায় নেই ক্যারিয়ারে দেড় দশকের বেশি সময় পার করে ফেলেছেন দুজনেই। রশিদ খানের গুগলি মাহমুদউল্লাহ যেমন বোঝেননি। তেমনি মুশফিক বুঝতে পারেননি আল্লাহ গাজানফারের ক্যারম বলটা। দুজনের আউটই ছিল দৃষ্টিকটু। ক্যারিয়ারের শেষ বেলায় দুজন মিলে বাংলাদেশের উন্নয়নের সাক্ষী হয়েছেন সত্য, তবে দলের বিপর্যয়েও রেখেছেন অবদান।

এমন বাজে পরিসংখ্যানের দিনে আরেকটু স্বান্তনা দিতে পারে বৈশ্বিক চিত্রটা। ওয়ানডেতে সবচেয়ে কম রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারানোর ঘটনা ঘটেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। রোডেশিয়ানরা ২০০৮ সালে হারারেতে ৩ রানের ব্যবধানে হারিয়েছিল ৭ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সেদিন রশিদ-গাজানফার জুটি হিসেবে হাজির হয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিস। ১৪ রানে মুরালি নিয়েছিলেন ৪ উইকেট। অজন্তা মেন্ডিস নিয়েছিলেন ২৬ রানে ৩ উইকেট। সে তুলনায় বাংলাদেশ করেছে ৮ রান বেশি!

আরও পড়ুনঃ   মাশরাফির গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার খবরটি গুজব

এমনকি এই ৮ সংখ্যার ইতিহাসও কম নয়। ৮ রান তুলতে শেষ ৭ উইকেট হারানোর ঘটনা ওয়ানডে ক্রিকেটে আছে দুইবার। বাংলাদেশ ছাড়া এমন ঘটেছে যুক্তরাষ্ট্রের ইনিংসে। এমনকি ১০ রানে শেষ ৭ উইকেট হারানোর রেকর্ডও আছে। ১৯৮৬ সালে শারজাহতেই ৪৫ থেকে ৫৫ করতেই ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সেদিন ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৩ সালে গোয়ালিয়রে ওয়ানডেতে ইংল্যান্ডের শেষ ৭ উইকেটও ভারত নিয়েছিল ১০ রানের মাথায়।

আর ১১ রানে শেষ ৭ উইকেট হারানোর নজিরও বিশ্ব ক্রিকেটে কম নেই। ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড, ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আর ২০০১ সালে জিম্বাবুয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রানে শেষ উইকেট হারিয়েছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পাশে এই রেকর্ডে বাংলাদেশের নাম বসেছে। ৩ রানের উন্নতির গল্পে এটাও বড় প্রাপ্তি ভেবে নেয়া যেতেই পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST