
স্টাফ রিপোর্টার : লাইসেন্সে বর্ণিত নির্ধারিত এলাকা বহাল রাখা, কাজীর সনদ প্রদান এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা ইসলামী মূল্যবোধ এবং প্রচলিত আইন অনুযায়ী মুসলমানদের বিবাহ ও তালাক সম্পাদন ও নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও সমস্যাগুলোর সমাধান হয়নি। ফলে পেশাগত দায়িত্ব পালনে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।
নিকাহ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে বর্ণিত নির্ধারিত এলাকা বহাল রাখা এবং জনস্বার্থে কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স ইস্যু করা। ১৮৮০ সালের ‘দি কাজীস অ্যাক্ট’-এর অধীনে আগের মতো কাজীর সনদ প্রদান, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে লাইসেন্স ও ফি-সংক্রান্ত অসংগতি দূর করা।
এ ছাড়া বিবাহ ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্নির্ধারণ এবং নিকাহনামা বা তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করার বিষয়টিও পুনর্বিবেচনার দাবি তোলা হয়েছে।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কাজী খায়বর হোসেন, কাজী জহুরুল আলম, কাজি হাবিবুর রহমান, কাজী বাছারসহ জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST