
স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণকালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন এবং এসকল সিসি ক্যামেরাসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সাথে যুক্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত মেহমানদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত এবং সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণ গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST