১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

চিকিৎসার আশায় এসে কেউ দেখছেন ক্লিনিকের দরজায় তালা।

স্টাফ রিপোর্টার : চিকিৎসার আশায় এসে কেউ দেখছেন ক্লিনিকের দরজায় তালা। কেউ আবার ঝুঁকিপূর্ণ ভবনে ঢুকতে ভয় পাচ্ছেন। কোথাও মাসের মাঝামাঝিতেই শেষ হয়ে যাচ্ছে ওষুধ, কোথাও প্রয়োজনের তুলনায় কম স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে সেবা। রোগীদের বসার জায়গা নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থাও। কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ জঙ্গলে ভরা; সেখানে দেখা যায় সাপের আনাগোনা।

রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র এমনই। তবে দুই উপজেলার সংকটের ধরন ভিন্ন। চারঘাটে মূল সমস্যা কমিউনিটি ক্লিনিক নিয়মিত না খোলা ও স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি। আর বাঘায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে জরাজীর্ণ ভবন, জনবল ও ওষুধ সংকট এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চারঘাট উপজেলায় রয়েছে ২৩টি কমিউনিটি ক্লিনিক। সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, রোগ শনাক্তকরণ, বিভিন্ন রোগের স্ক্রিনিং, পরামর্শ ও জটিল রোগীকে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা থাকার কথা এসব কেন্দ্রে। বিনামূল্যে দেওয়ার কথা ২৭ ধরনের জরুরি ওষুধ।

সরকারি নিয়ম অনুযায়ী, শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা। সিএইচসিপির পাশাপাশি পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর সেবা দেওয়ার কথা। ফলে প্রতিদিনই কোনো না কোনো স্বাস্থ্যকর্মীর উপস্থিতি থাকার কথা।

কিন্তু সরেজমিনে পাওয়া গেছে ভিন্ন চিত্র। গেল দুই শনিবার (১০ ও ১৭ অক্টোবর) এবং চলতি সপ্তাহের অন্য ৩-৪ দিন চারঘাটের ঝিকরা, খোর্দগোবিন্দপুর, বনকিশোর, মুংলি ও বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে নির্ধারিত সময়ে একটিকেও খোলা পাওয়া যায়নি।

ঝিকরা কমিউনিটি ক্লিনিকের সামনে গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টা পর্যন্ত চিকিৎসার আশায় অপেক্ষা করছিলেন খোদেজা বেগম। দরজায় তালা, স্বাস্থ্যকর্মীরও দেখা নেই। এর আগেও দুই-তিন দিন এসে ফিরে যেতে হয়েছে তাঁকে। খোদেজা বলেছেন, ‘শনিবার কখন খোলে ঠিক নাই। অন্যদিনও সময়মতো আসে না। দুই-তিন দিন ঘুরে এরপর খোলা পাই।’ ক্লিনিকটির সিএইচসিপি আকতার বানু বলেছেন, ইচ্ছা করে ক্লিনিক বন্ধ রাখা হয়নি। অসুস্থতা, অফিসের মিটিং ও দাপ্তরিক কাজের কারণে কয়েক দিন তিনি ক্লিনিকে যেতে পারেননি।

আরও পড়ুনঃ   ছোট ভাইয়ের ১০ বছরের অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

খোর্দগোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকেও পরপর গেল দুই শনিবার গিয়ে খোলা পাওয়া যায়নি। সেখানে চিকিৎসা নিতে আসা ৬২ বছর বয়সী মখসেদুল ইসলাম বলেছেন, ‘এই ক্লিনিক কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে, কেউ বলতে পারে না। সরকারের নিয়ম এখানে চলে না।’

জানতে চাইলে সিএইচসিপি জাকিয়া নাসরিনের ব্যাখ্যা, ওষুধ আনতে অফিসে যাওয়ায় ক্লিনিক বন্ধ ছিল। স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী বিভিন্ন কাজে থাকায় তাঁকেও অফিসে যেতে হলে ক্লিনিক খোলা রাখা সম্ভব হয় না।

মুংলি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহের চার দিন গিয়ে এক দিনও খোলা পাওয়া যায়নি। কোনো দিন রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে, আবার কোনো দিন ক্লিনিকের সামনে বাঁধা ছিল গরু-ছাগল। মমেনা বেগম, মকবুল হোসেন ও রশিদা খাতুনসহ কয়েকজন রোগী জানালেন, কয়েক দিন ঘুরেও ক্লিনিক খোলা পাননি তাঁরা। সিএইচসিপি মনিরা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তিনি জানান, তাঁর অনুপস্থিতিতে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছুটির দিন ছাড়া ওই ব্যক্তির প্রতিদিন ক্লিনিক খোলার কথা।

চারঘাটের মতো ক্লিনিক খোলা-বন্ধের সমস্যা নয়, বাঘার মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মূল সংকট নিরাপদ অবকাঠামো, জনবল ও ওষুধে।

কেন্দ্রটির মূল ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বিভিন্ন স্থানে বড় ফাটল, ছাদের অংশ খুলে পড়ার চিহ্নও রয়েছে। সম্প্রতি ছাদ দিয়ে পানি পড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে নিরাপত্তার কারণে মূল ভবনে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এখন পাশের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে কোনোরকমে চলছে চিকিৎসাসেবা।

গত বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটির চারপাশ আগাছা ও জঙ্গলে ভরা। স্থানীয়দের ভাষ্য, সেখানে প্রায়ই সাপ দেখা যায়। রোগীদের বসার পর্যাপ্ত জায়গা নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থাও। টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে রোগী ও স্বজনদের যেতে হয় পাশের বাড়িতে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মোসা. সুমি খাতুন বললেন, মূল ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। ছাদ দিয়ে পানি পড়ে শর্টসার্কিট হওয়ার পর সেখানে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেছেন, ‘প্রাণের ভয়ে আমরা আপাতত কোয়ার্টারের একটি কক্ষে চিকিৎসাসেবা দিচ্ছি।’তাঁর ভাষ্য, বর্তমানে মাত্র দুজন দায়িত্ব পালন করছেন; কোনো নিরাপত্তাকর্মীও নেই।

আরও পড়ুনঃ   জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ওষুধের সংকটও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, যে পরিমাণ ওষুধ পাওয়া যায়, তা মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই শেষ হয়ে যায়। সুমি খাতুন বললেন, ‘আগের মতো আর ওষুধের সাপ্লাই পাওয়া যাচ্ছে না।’

মনিগ্রামের বাসিন্দা মোসা. জরিনা বেগম বললেন, ‘আগের মতো এখন আর ওষুধ পাওয়া যায় না। চারদিকে জঙ্গল থাকায় এখানে আসতেও ভয় লাগে। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। টয়লেটের প্রয়োজন হলে পাশের বাড়িতে যেতে হয়।’

বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্টের পর থেকেই ওষুধের সাপ্লাই কম হচ্ছে। আমরাও পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাচ্ছি না।’তবে তার আশা, দ্রুত সমস্যার সমাধান হবে। মনিগ্রামসহ কয়েকটি কমিউনিটি ক্লিনিকের ভবনের অবস্থাও খারাপ জানিয়ে তিনি জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম হোসেন বললেন, এসব স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসাস্থল। কিন্তু জরাজীর্ণ ভবন, জনবল ও ওষুধ সংকট এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবে মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর দাবি, ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল ও ওষুধ এবং পানি, টয়লেট ও বসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ওমেনস এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ওয়েভের চারঘাট উপজেলা সমন্বয়কারী আঞ্জুমান আরা বললেন, তদারকির অভাব ও দায়িত্ব পালনে গাফিলতির কারণে কমিউনিটি ক্লিনিকের কাঙ্ক্ষিত সেবা মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেছেন, কমিউনিটি ক্লিনিক নিয়মিত খোলা না থাকার অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেন নিয়ম অনুযায়ী সেবা পায়, তা নিশ্চিত করা হবে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম বলেছেন, কমিউনিটি ক্লিনিক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রেখে সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। মিটিং, প্রশিক্ষণ বা ওষুধ সংগ্রহের প্রয়োজন হলে কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন। কোনো ক্লিনিক নিয়মিত বন্ধ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউএইচএফপিও ও সিভিল সার্জন কার্যালয়ে জানানো যেতে পারে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST