
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (২৪), রাজশাহী জেলার বাগমারা থানাধীন দামনাশ গ্রামের মো. হোসেন আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পবা থানাধীন নওহাটা পশুহাট সংলগ্ন ‘বুলেট টেলিকম’ নামক মোবাইল ফোন ও এক্সেসরিজের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পবা থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মাত্র ৪ ঘণ্টার মধ্যে আসাদকে ২০টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে।
পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজশাহী মহানগরীতে চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আরএমপির নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে আরএমপি দৃঢ়প্রতিজ্ঞ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST