
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো।
সংবাদমাধ্যম এক্সিওস ও ইসরায়েলের চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
ইউএসএস রুজভেল্টের আগমনের ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান, প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন। একই সময়ে তিনটি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি বেশ বিরল ঘটনা। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।
রুজভেল্টের আগে মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। পাশাপাশি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি টাস্কফোর্সও মোতায়েন রয়েছে।
এর আগে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের সময় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধবিরতির পর ওই রণতরীর নাবিকদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। টানা ৪০ দিন সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে রূপ নেয়নি। যদিও বর্তমানে দুই পক্ষের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে।
তবে পরিস্থিতি যেকোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল ইউএসএস রুজভেল্ট।
এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হলে তাতে অংশ নিতে পারে ইউএসএস রুজভেল্ট। ফলে রণতরীটির এই মোতায়েনকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST