ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল(স্ক্যাফ সিরাপ) জব্দ করেছে র্যাব-১০। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে একটি শিশুসহ তিনজনকে আটক করা হয়।
গতকাল রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন: শিউলি বেগম (৪৮), ডলি বেগম (৫০) (উভয়ের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে) শিশু তাহমিনা (১২)
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র মাদক বহন করে ঢাকা বা এর আশেপাশের এলাকায় নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং কৌশলে মাদক বহনের দায়ে গাড়িতে থাকা ওই শিশুসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST