
স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ প্রদান করছে।
রাজশাহীর শিক্ষানগরীর সুনাম অক্ষুণ্ন রাখতে, রাজশাহী কোর্ট কলেজসহ অন্যান্য সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে আইসিটি ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাজশাহীর সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে। রাজশাহীকে একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন এবং মানসম্মত আইন-শৃঙ্খলা বজায় থাকা, বসবাস উপযোগী শহর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।
শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ মায়ের সাথে তুলনা করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জন করে ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করতে হবে এবং বিশ্বমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।
ভূমিমন্ত্রী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতি দেন। হোস্টেল নির্মাণের স্থান সংকুলানের জন্য কলেজের পার্শ্ববর্তী এলাকায় ভূমি মন্ত্রণালয়ের কোনো খাস জমি থাকলে তা কলেজের নামে বরাদ্দ পাওয়ার জন্য কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে আবেদন করার পরামর্শ দেন এবং আবেদন সাপেক্ষে দ্রুত জমি হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ সাইদা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে রাজশাহী কোর্ট কলেজের আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তি প্রস্তর স্থাপন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST