এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান ঘটেছে। পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে মহাশ্মশান প্রাঙ্গণে আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। এতে রাতের বেলায় চলাচল ও সার্বিক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশান এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকত। ফলে রাতে স্বজনদের মরদেহ সৎকারসহ বিভিন্ন কাজে আসা মানুষের চলাচলে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতো। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল স্থানীয়দের মধ্যে।
সম্প্রতি পৌর প্রশাসকের উদ্যোগে মহাশ্মশান এলাকায় আলোকায়নের ব্যবস্থা করায় এখন পুরো এলাকা আলোকিত হয়েছে। এতে শ্মশানের পরিবেশ আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে রাতে মরদেহ সৎকার করতে আসা স্বজনদের জন্য আলোর ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
পৌর প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, জনসাধারণের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে পুঠিয়া পৌর এলাকার নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
অন্ধকারের অবসান হোক, আলোকিত হোক পুঠিয়ার প্রতিটি জনপদ—এমন প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST