
চারঘাট প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও চারঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের স্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সামাজিক ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারি দপ্তরগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, সহ-সভাপতি ড. মোহা. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST