
স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নাটোর সদর উপজেলার বাসিন্দা রাসেলকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। হাসপাতালটিতে বর্তমানে ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST