১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

চিকিৎসার আশায় এসে কেউ দেখছেন ক্লিনিকের দরজায় তালা।

স্টাফ রিপোর্টার : চিকিৎসার আশায় এসে কেউ দেখছেন ক্লিনিকের দরজায় তালা। কেউ আবার ঝুঁকিপূর্ণ ভবনে ঢুকতে ভয় পাচ্ছেন। কোথাও মাসের মাঝামাঝিতেই শেষ হয়ে যাচ্ছে ওষুধ, কোথাও প্রয়োজনের তুলনায় কম স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে সেবা। রোগীদের বসার জায়গা নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থাও। কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ জঙ্গলে ভরা; সেখানে দেখা যায় সাপের আনাগোনা।

রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র এমনই। তবে দুই উপজেলার সংকটের ধরন ভিন্ন। চারঘাটে মূল সমস্যা কমিউনিটি ক্লিনিক নিয়মিত না খোলা ও স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতি। আর বাঘায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে জরাজীর্ণ ভবন, জনবল ও ওষুধ সংকট এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চারঘাট উপজেলায় রয়েছে ২৩টি কমিউনিটি ক্লিনিক। সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, রোগ শনাক্তকরণ, বিভিন্ন রোগের স্ক্রিনিং, পরামর্শ ও জটিল রোগীকে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা থাকার কথা এসব কেন্দ্রে। বিনামূল্যে দেওয়ার কথা ২৭ ধরনের জরুরি ওষুধ।

সরকারি নিয়ম অনুযায়ী, শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা। সিএইচসিপির পাশাপাশি পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর সেবা দেওয়ার কথা। ফলে প্রতিদিনই কোনো না কোনো স্বাস্থ্যকর্মীর উপস্থিতি থাকার কথা।

কিন্তু সরেজমিনে পাওয়া গেছে ভিন্ন চিত্র। গেল দুই শনিবার (১০ ও ১৭ অক্টোবর) এবং চলতি সপ্তাহের অন্য ৩-৪ দিন চারঘাটের ঝিকরা, খোর্দগোবিন্দপুর, বনকিশোর, মুংলি ও বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে নির্ধারিত সময়ে একটিকেও খোলা পাওয়া যায়নি।

ঝিকরা কমিউনিটি ক্লিনিকের সামনে গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টা পর্যন্ত চিকিৎসার আশায় অপেক্ষা করছিলেন খোদেজা বেগম। দরজায় তালা, স্বাস্থ্যকর্মীরও দেখা নেই। এর আগেও দুই-তিন দিন এসে ফিরে যেতে হয়েছে তাঁকে। খোদেজা বলেছেন, ‘শনিবার কখন খোলে ঠিক নাই। অন্যদিনও সময়মতো আসে না। দুই-তিন দিন ঘুরে এরপর খোলা পাই।’ ক্লিনিকটির সিএইচসিপি আকতার বানু বলেছেন, ইচ্ছা করে ক্লিনিক বন্ধ রাখা হয়নি। অসুস্থতা, অফিসের মিটিং ও দাপ্তরিক কাজের কারণে কয়েক দিন তিনি ক্লিনিকে যেতে পারেননি।

আরও পড়ুনঃ   হৃদরোগ প্রতিরোধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে : স্বাস্থ্য সচিব

খোর্দগোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকেও পরপর গেল দুই শনিবার গিয়ে খোলা পাওয়া যায়নি। সেখানে চিকিৎসা নিতে আসা ৬২ বছর বয়সী মখসেদুল ইসলাম বলেছেন, ‘এই ক্লিনিক কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে, কেউ বলতে পারে না। সরকারের নিয়ম এখানে চলে না।’

জানতে চাইলে সিএইচসিপি জাকিয়া নাসরিনের ব্যাখ্যা, ওষুধ আনতে অফিসে যাওয়ায় ক্লিনিক বন্ধ ছিল। স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী বিভিন্ন কাজে থাকায় তাঁকেও অফিসে যেতে হলে ক্লিনিক খোলা রাখা সম্ভব হয় না।

মুংলি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহের চার দিন গিয়ে এক দিনও খোলা পাওয়া যায়নি। কোনো দিন রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে, আবার কোনো দিন ক্লিনিকের সামনে বাঁধা ছিল গরু-ছাগল। মমেনা বেগম, মকবুল হোসেন ও রশিদা খাতুনসহ কয়েকজন রোগী জানালেন, কয়েক দিন ঘুরেও ক্লিনিক খোলা পাননি তাঁরা। সিএইচসিপি মনিরা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তিনি জানান, তাঁর অনুপস্থিতিতে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছুটির দিন ছাড়া ওই ব্যক্তির প্রতিদিন ক্লিনিক খোলার কথা।

চারঘাটের মতো ক্লিনিক খোলা-বন্ধের সমস্যা নয়, বাঘার মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মূল সংকট নিরাপদ অবকাঠামো, জনবল ও ওষুধে।

কেন্দ্রটির মূল ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বিভিন্ন স্থানে বড় ফাটল, ছাদের অংশ খুলে পড়ার চিহ্নও রয়েছে। সম্প্রতি ছাদ দিয়ে পানি পড়ে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে নিরাপত্তার কারণে মূল ভবনে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এখন পাশের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে কোনোরকমে চলছে চিকিৎসাসেবা।

গত বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটির চারপাশ আগাছা ও জঙ্গলে ভরা। স্থানীয়দের ভাষ্য, সেখানে প্রায়ই সাপ দেখা যায়। রোগীদের বসার পর্যাপ্ত জায়গা নেই, নেই নিরাপদ পানির ব্যবস্থাও। টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে রোগী ও স্বজনদের যেতে হয় পাশের বাড়িতে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মোসা. সুমি খাতুন বললেন, মূল ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। ছাদ দিয়ে পানি পড়ে শর্টসার্কিট হওয়ার পর সেখানে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেছেন, ‘প্রাণের ভয়ে আমরা আপাতত কোয়ার্টারের একটি কক্ষে চিকিৎসাসেবা দিচ্ছি।’তাঁর ভাষ্য, বর্তমানে মাত্র দুজন দায়িত্ব পালন করছেন; কোনো নিরাপত্তাকর্মীও নেই।

আরও পড়ুনঃ   আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

ওষুধের সংকটও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, যে পরিমাণ ওষুধ পাওয়া যায়, তা মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই শেষ হয়ে যায়। সুমি খাতুন বললেন, ‘আগের মতো আর ওষুধের সাপ্লাই পাওয়া যাচ্ছে না।’

মনিগ্রামের বাসিন্দা মোসা. জরিনা বেগম বললেন, ‘আগের মতো এখন আর ওষুধ পাওয়া যায় না। চারদিকে জঙ্গল থাকায় এখানে আসতেও ভয় লাগে। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। টয়লেটের প্রয়োজন হলে পাশের বাড়িতে যেতে হয়।’

বাঘা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্টের পর থেকেই ওষুধের সাপ্লাই কম হচ্ছে। আমরাও পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাচ্ছি না।’তবে তার আশা, দ্রুত সমস্যার সমাধান হবে। মনিগ্রামসহ কয়েকটি কমিউনিটি ক্লিনিকের ভবনের অবস্থাও খারাপ জানিয়ে তিনি জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম হোসেন বললেন, এসব স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসাস্থল। কিন্তু জরাজীর্ণ ভবন, জনবল ও ওষুধ সংকট এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার অভাবে মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর দাবি, ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল ও ওষুধ এবং পানি, টয়লেট ও বসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ওমেনস এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ওয়েভের চারঘাট উপজেলা সমন্বয়কারী আঞ্জুমান আরা বললেন, তদারকির অভাব ও দায়িত্ব পালনে গাফিলতির কারণে কমিউনিটি ক্লিনিকের কাঙ্ক্ষিত সেবা মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেছেন, কমিউনিটি ক্লিনিক নিয়মিত খোলা না থাকার অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেন নিয়ম অনুযায়ী সেবা পায়, তা নিশ্চিত করা হবে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম বলেছেন, কমিউনিটি ক্লিনিক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রেখে সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। মিটিং, প্রশিক্ষণ বা ওষুধ সংগ্রহের প্রয়োজন হলে কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন। কোনো ক্লিনিক নিয়মিত বন্ধ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউএইচএফপিও ও সিভিল সার্জন কার্যালয়ে জানানো যেতে পারে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

১

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৩

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৪

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৫

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৭

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৮

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

৯

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১১

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১২

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৩

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৪

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৫

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৬

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৭

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৮

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

১৯

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

২০

Design & Developed by: BD IT HOST