
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ মাস্টার আর নেই। মঙ্গলবার রাত ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বুধবার বাদ জোহর রিশিকুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডাইংপাড়া সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আব্দুল মজিদ মাস্টার দীর্ঘদিন ধরে হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মজিদ কাঁকনহাট পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ছিলেন। পরে তিনি তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার ব্যবস্থায় তাঁর দীর্ঘ পথচলার কারণে কাঁকনহাটের রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন তিনি।
রাজনীতিতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ছিল। তিনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন।
জনপ্রতিনিধি হওয়ার আগে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতা থেকে স্থানীয় সরকার ও রাজনীতিতে যুক্ত হয়ে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেন।
তাঁর মৃত্যুতে কাঁকনহাট পৌরসভা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST