
স্টাফ রিপোর্টার : মানুষের প্রয়োজনে সংবিধান, সংবিধানের প্রয়োজনে মানুষ নয়—এ মন্তব্য করে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় প্রয়োজনের আলোকে সংবিধান পরিবর্তন ও রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক সংলাপের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক ঐক্যের উদ্যোগে ‘সংলাপ, সংবিধান ও বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রবাসী জাতীয়তাবাদী দলের সভাপতি কামাল ফয়েজী। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং চিনিকল শ্রমিক নেতা কামরুজ্জামান ফিরোজ।
ড. আবু ইউসুফ সেলিম বলেন, সংবিধান মানুষের কল্যাণের জন্য। সময়ের বাস্তবতা, জনগণের চাহিদা ও জাতীয় স্বার্থের আলোকে সংবিধান পরিবর্তন ও সংস্কার হওয়া স্বাভাবিক। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় প্রয়োজনে সংলাপে বসুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। গণবিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে যদি কেউ ফ্যাসিবাদের রূপ ধারণ করে, লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।
তিনি বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে ১৮ কোটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা না করে যদি লুটপাটের মাধ্যমে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়া হয়, বিলাসী জীবনযাপন করা হয়, গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো হয়, অভিজাত হোটেলে হাজার হাজার টাকা ব্যয় করে খাবার খাওয়া হয়, অথচ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না হয়—তাহলে এ বৈষম্য জনগণ মেনে নেবে না।
জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে, ব্যক্তিগত ভোগ-বিলাস ও সম্পদ অর্জনের জন্য নয়। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে অতীতের মতো আবারও ক্ষমতার মসনদ হারাতে হবে বলে তিনি সতর্ক করেন।
শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের ইশারায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের পাঁয়তারা চালানো ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে। তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, সংবিধান সংস্কার, রাজনৈতিক সংলাপ, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় ঐক্য এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST