
মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তকি ফয়সাল তালুকদার সভাপতির বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিবস। এ দিবসে ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনা ধারণ করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস অনন্যা, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন নুহু, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের ঐতিহাসিক ঘটনা ও তাৎপর্য নিয়ে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি থাকলেও ইতিহাসকে যথাযথভাবে জানা এবং জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST